কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ অর্থ নিয়েছেন বলে অভিযোগ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
শনিবার (৩০ মে) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
মোস্তাক মিয়ার দাবি, জেলা পরিষদের রাজস্ব খাত থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মুরাদনগর এলাকার জন্য ১৫ কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার এলাকার জন্য ১০ কোটি টাকা নিয়েছেন। তিনি বলেন, এসব অর্থ জেলা পরিষদের নিজস্ব তহবিলের টাকা।
বক্তব্যে তিনি আরও বলেন, যারা সমন্বয়ের রাজনীতির কথা বলতেন, তাদের কর্মকাণ্ডে সেই সমন্বয়ের প্রতিফলন দেখা যায়নি। অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন তিনি।
এ সময় বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে মোস্তাক মিয়া বলেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিন উর রশিদ। এছাড়া বক্তব্য দেন ইউসুফ মোল্লা টিপু, রেজাউল করিমসহ স্থানীয় বিএনপি নেতারা।
তবে মোস্তাক মিয়ার উত্থাপিত অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বা হাসনাত আবদুল্লাহর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



