একই বছরে দুইবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ঘিরে আলোচনা শুরু হয়েছে। পঞ্জিকার তিথি গণনার দুটি ভিন্ন পদ্ধতির কারণে ২০২৮ সালে প্রায় ১৫ দিনের ব্যবধানে দুই সময়ে দুর্গোৎসব আয়োজনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে জোড়া সপ্তমী এবং ২০২৭ সালে জোড়া মহাঅষ্টমীর পর ২০২৮ সালে তিথি গণনার পদ্ধতিগত পার্থক্যের কারণে দুর্গাপূজার সময় নিয়ে ভিন্নতা দেখা দিতে পারে।
কেন দুই সময়ে দুর্গাপূজা?
হিন্দু শাস্ত্র বিশেষজ্ঞদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলায় দুর্গাপূজার তিথি নির্ধারণে মূলত দুটি পদ্ধতি অনুসরণ করা হয়। এগুলো হলো বিশুদ্ধ সিদ্ধান্ত ও সূর্য সিদ্ধান্ত।
বিশুদ্ধ সিদ্ধান্তে দৃকসিদ্ধ গণনাপদ্ধতি অনুসরণ করা হয়। অন্যদিকে সূর্য সিদ্ধান্তে মহাজাগতিক অবস্থানের ভিত্তিতে তিথি ও নক্ষত্রের হিসাব করা হয়। এই দুই পদ্ধতিতে গণনার পার্থক্যের কারণে ২০২৮ সালে দুর্গাপূজার তারিখে ব্যবধান তৈরি হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে ২০২৮ সালের দুর্গাপূজা সেপ্টেম্বরের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে। আর সূর্য সিদ্ধান্ত অনুসরণ করলে পূজা হতে পারে অক্টোবরের মাঝামাঝি সময়ে। এতে দুই দফার পূজার মধ্যে ১৫ দিনের বেশি ব্যবধান হওয়ার সম্ভাবনা রয়েছে।
কোন পদ্ধতিতে কোথায় পূজা হয়?
প্রতিবেদন অনুযায়ী, বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের মতো বিভিন্ন মঠ, মন্দির ও আশ্রমে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে দুর্গাপূজার আয়োজন করা হয়। অন্যদিকে বনেদি বাড়ি, বারোয়ারি ও সর্বজনীন পূজার ক্ষেত্রে সূর্য সিদ্ধান্ত অনুসরণ করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
আগেও ঘটেছে এমন ঘটনা
একই বছরে দুটি পদ্ধতি অনুসারে ভিন্ন সময়ে দুর্গাপূজা আয়োজনের ঘটনা অতীতেও ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮০ সালেও দুই পদ্ধতি অনুসারে দুই সময়ে দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হয়েছিল। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী, উভয় পদ্ধতিতেই পূজার আয়োজন শুদ্ধ বলে বিবেচিত হয়।
তবে ২০২৮ সালে সত্যিই দুই সময়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে কি না, তা সংশ্লিষ্ট পঞ্জিকা ও পূজার আয়োজকদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
একই বছরে দুই দফায় পূজা হলেও সরকারি ছুটি দুইবার ঘোষণা করা হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অফিস, স্কুল ও কলেজে ছুটি একবারই থাকবে। বারোয়ারি পূজার সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ছুটি নির্ধারণ করা হতে পারে।



