বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী, প্রাইমাটোলজিস্ট, নৃতত্ত্ববিদ ও পরিবেশ সংরক্ষণকর্মী ড. জেন গুডঅলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২ অক্টোবর) এক শোকবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, “আমার প্রিয় বন্ধু ড. জেন গুডঅলের মৃত্যু আমাকে গভীরভাবে শোকাহত করেছে। তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য এক অসাধারণ অনুপ্রেরণা—প্রকৃতি, প্রাণ ও পরিবেশ রক্ষায় আজীবন সংগ্রামী একজন মানুষ।”
তিনি আরও বলেন, “জীবনের শেষ দিন পর্যন্ত জেন শান্তি, টেকসই উন্নয়ন, ন্যায়বিচার এবং পৃথিবীর সকল প্রাণের পারস্পরিক সম্পর্ক রক্ষায় কাজ করে গেছেন। আজ প্রকৃতি তার অন্যতম শক্তিশালী কণ্ঠস্বরকে হারাল। তার মৃত্যু আমাদের হৃদয়ে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।”
অধ্যাপক ইউনূস স্মৃতিচারণ করে বলেন, নব্বইয়ের দশকে বাংলাদেশ সফরের সময় জেন গুডঅল গ্রামীণ ব্যাংকের নারীর ক্ষমতায়ন কর্মসূচিতে গভীর আগ্রহ দেখান এবং পরে আফ্রিকা ও অন্যান্য দেশে সেই অভিজ্ঞতা নিজের কাজেও প্রয়োগ করেন।
“তিনি আমাদের দেশের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন,” বলেন অধ্যাপক ইউনূস। “জেন সবসময় আমাদের কাজের প্রশংসা করতেন এবং আমাকে ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত করেছেন। এমনকি সম্প্রতি জুন ২০২৫-এ অনুষ্ঠিত সামাজিক ব্যবসা দিবসের আন্তর্জাতিক সম্মেলনেও তিনি অংশগ্রহণ করে আমাদের উদ্যোগের প্রতি তার সমর্থন প্রকাশ করেন।”
শেষে অধ্যাপক ইউনূস বলেন, “তার সমর্থন ও ভালোবাসার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। তিনি শুধু আমাকে নয়, সারা পৃথিবীর কোটি কোটি মানুষকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন। প্রিয় জেন, তোমার আত্মা শান্তিতে থাকুক। বিশ্ব তোমাকে গভীরভাবে স্মরণ করবে।”



