জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি অবস্থানে দাঁড় করাচ্ছে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে জুলাই সনদকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যাতে সরকার ও বিরোধী পক্ষ সরাসরি মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। তবে তিনি স্পষ্ট করে জানান, তাদের দল জুলাই সনদের প্রতিটি দফাকে সম্মান করে এবং তা মেনে চলে।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় ভোলা শহরের উকিলপাড়ার শান্ত নীড় প্রাঙ্গণে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তার বাবা, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুরের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।
পার্থ আরও বলেন, তিনি আগেও জানিয়েছেন যে জুলাই সনদ ও সংবিধান—উভয়ের প্রতিই তারা শ্রদ্ধাশীল। সরকার প্রধানসহ সংশ্লিষ্ট মন্ত্রীরাও এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। কিন্তু বিরোধী দল অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে যে সরকার এটি মানছে না বা মানবে না। “প্রতারণা” শব্দটি ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের কঠোর ভাষা পরিহার করে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসা উচিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়া নাজিউর রহমান মঞ্জুরের পরিবারের সদস্যদের পাশাপাশি ভোলা জেলা বিএনপি, বিজেপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



