জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন তিনি। এর অংশ হিসেবে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপের পরিকল্পনা রয়েছে।
সংলাপে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধ, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন। বিরোধী দলের পক্ষ থেকেও এ আহ্বানে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
তবে সংলাপে শুধু ঐক্যের বিষয়টিই নয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব পেতে পারে। সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের ওপর চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে বিরোধী দলগুলো। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক ঐক্যে কেন বিভাজন তৈরি হয়েছে এবং এর পেছনে কার কী ভূমিকা ছিল, সেই প্রশ্নও আলোচনায় তুলতে পারে দলগুলো।
আজ এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সংলাপ শুরু হলেও অন্য দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। আজ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধিদল সাক্ষাৎ করবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
সংলাপের উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে বিএনপি এবং সরকারের কয়েকজনের সঙ্গে কথা বলেছে মানবজমিন। তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মধ্য দিয়ে রাজনৈতিক বিভাজন কাটিয়ে গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে আবারও অভিন্ন অবস্থানে আনার চেষ্টা করা হচ্ছে। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের দাবি-দাওয়া এবং সেগুলো বাস্তবায়নের বিষয়েও আলোচনা হতে পারে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান মানবজমিনকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন। রাষ্ট্র পুনর্গঠন এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য যাতে বিনষ্ট না হয়, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন।
এনসিপির নীতিনির্ধারণী ফোরামের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মানবজমিনকে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার—এই তিনটি বিষয়কে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের সংলাপে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে বলেও জানান তিনি।
এদিকে জামায়াতে ইসলামী, গণফোরাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি) কয়েকটি দল এখনো সংলাপের আমন্ত্রণ পায়নি। তবে আমন্ত্রণ পেলে বৈঠকে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে দলগুলো।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে তার দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফেরার পর জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মানবজমিনকে বলেন, তারা এখনো সংলাপের আমন্ত্রণ পাননি। তবে আমন্ত্রণ পেলে অংশ নেবেন। বৈঠকে সরকারের দুর্বলতা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়গুলোও তুলে ধরবেন বলে জানান তিনি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ মানবজমিনকে বলেন, প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপ করবেন বলে তারা শুনেছেন। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ এখনো তাদের জানা নেই।
সংসদের অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ও সংসদের বাইরে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেন। একই অধিবেশনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সংসদের শেষ দিনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে একান্ত বৈঠকও অনুষ্ঠিত হয়।
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানবজমিনকে বলেন, তারা এখনো সংলাপের আমন্ত্রণ পাননি। তবে আমন্ত্রণ পেলে অংশ নেবেন।
এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদও জানান, তাদের দল এখনো সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ পায়নি। তবে আমন্ত্রণ পেলে তারা বৈঠকে যাবেন। তিনি বলেন, জাতীয় স্বার্থে যেকোনো ঐকমত্যের উদ্যোগে এবি পার্টি পাশে থাকবে। তবে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল, তা কেন বিভক্ত হলো, সে বিষয়ে আত্মসমালোচনা প্রয়োজন। এ ক্ষেত্রে বর্তমান সরকারের কী কী দায় রয়েছে, সেটিও পর্যালোচনা করা দরকার। সংলাপে এসব বিষয় তুলে ধরবেন বলে জানান তিনি।



