tanaka
প্রচ্ছদজাতীয়‘জুলাই-আগস্ট গণহত্যা’ জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা করতে হাইকোর্টের নির্দেশ

‘জুলাই-আগস্ট গণহত্যা’ জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা করতে হাইকোর্টের নির্দেশ

‘জুলাই-আগস্ট গণহত্যা’ নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিবেদনের গুরুত্ব তুলে ধরে একে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি, এ সম্পর্কিত ঘটনাকে ‘জুলাই রেভ্যুলেশন-২০২৪’ নামে গেজেট আকারে প্রকাশ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত নির্দেশ দিয়েছে, আগামী তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই গেজেট প্রকাশ করতে হবে।

এ ছাড়া মামলাটিকে চলমান (pending) মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

রিটকারী আইনজীবী মো. তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, আদালত জানতে চেয়েছেন—কেন জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করা হবে না, এবং কেন ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও শিক্ষার স্বার্থে প্রতিবেদনটি সংরক্ষণ করা হবে না।

এর আগে ২০২৪ সালের ১৩ আগস্ট হাইকোর্টে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। রিটে ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখা এবং জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়। প্রাথমিক শুনানির পর ১৫ আগস্ট হাইকোর্ট রুল জারি করে জানতে চায়—কেন নিরীহ নাগরিক হত্যার ঘটনায় জড়িতদের বিচারে নির্দেশ দেওয়া হবে না।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (OHCHR) তথ্যানুসন্ধান দল ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলি পর্যালোচনা করে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় এবং চলতি মাসে রিট আবেদনকারীর সম্পূরক আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়। এতে গুরুতর আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী অনেক বিক্ষোভকারীর সাক্ষাৎকার অন্তর্ভুক্ত করা হয়েছে।