‘জুলাইয়ের চেতনা’কে কেন্দ্র করে কোনো ধরনের ব্যবসা বা রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই সবার, এটি কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ নয়।
রোববার (১৯ জুলাই) ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সালাহ উদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে এর মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যারা জুলাইয়ের চেতনার ভিত্তিতে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছেন, তাদের জনগণের সামনে নিজেদের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা স্পষ্ট করতে হবে।
তিনি বলেন, শুধু ‘নতুন বন্দোবস্ত’ বা ‘দায় ও দরদের রাজনীতি’র মতো শব্দ ব্যবহার করলেই হবে না। এসব ধারণার বাস্তব রূপ কী হবে, রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্র, নির্বাচন, জবাবদিহি ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কী ধরনের পরিবর্তন আনা হবে—তা জনগণের কাছে পরিষ্কার করতে হবে।
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, যারা অতীতের বিভিন্ন রাজনৈতিক চেতনার কথা বলেন, তাদের বর্তমান অবস্থানও স্পষ্ট করতে হবে।
তিনি বলেন, “যারা সাতচল্লিশের চেতনার কথা বলেন, তাদের কাছে গেলে তো অসুবিধা। আমি সংসদেও বলেছিলাম, আপনারা তো সাতচল্লিশেও পাকিস্তানের পক্ষে ছিলেন না, একাত্তরেও ছিলেন না। এখন দয়া করে চব্বিশে থাকেন। তাহলে জনগণ উপকৃত হবে। সব সময় স্রোতের বিপরীতে এবং জনগণের চাহিদার বিপরীতে বক্তব্য দিয়ে দেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ অনেকে।



