যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে ভীত নন ইরানের জনগণ। দেশের প্রতিরক্ষায় এক কোটি ৪০ লাখেরও বেশি ইরানি প্রাণ দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, “এ পর্যন্ত এক কোটি ৪০ লাখেরও বেশি গর্বিত ইরানি তাদের জীবন উৎসর্গের প্রস্তুতি ঘোষণা করেছেন। আমিও অতীতে করেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও ইরানের জন্য জীবন দিতে প্রস্তুত থাকব।”
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাগরিকদের এই আহ্বান ‘জানফাদা (জীবন উৎসর্গ) ফর ইরান’ নামের একটি প্রচারণার অংশ। গত মাসে ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির পর এই প্রচারণা শুরু হয়, যার লক্ষ্য জাতীয় ঐক্যকে আরও সুসংহত করা।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। সময়সীমা দ্রুত শেষের দিকে গেলেও উভয় পক্ষই তাদের অবস্থানে অনড় রয়েছে।
ট্রাম্প দাবি করেছেন, প্রয়োজন হলে তিনি খুব অল্প সময়ের মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে পারেন। অন্যদিকে, ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। দেশটির যুব ও ক্রীড়া উপমন্ত্রী তরুণদের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এছাড়া, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের হুমকিকে ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়ে যেকোনো পরিস্থিতিতে প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।



