tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনজিপিএ-৫ পেয়েও কলেজ বরাদ্দ মেলেনি ২২০৫ শিক্ষার্থীর

জিপিএ-৫ পেয়েও কলেজ বরাদ্দ মেলেনি ২২০৫ শিক্ষার্থীর

এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেও ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে কোনো কলেজে মনোনয়ন পায়নি ২ হাজার ২০৫ শিক্ষার্থী। পছন্দের কলেজের সংখ্যা কম দেওয়ায় এবং পছন্দের প্রতিষ্ঠানগুলোতে বেশি প্রতিযোগিতা থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ভর্তি-সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এসব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে না।

একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হয়। আবেদনের সময় একজন শিক্ষার্থীকে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখার সুযোগ দেওয়া হয়। এরপর এসএসসির ফলাফল ও বিভিন্ন কলেজের আসনসংখ্যার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়।

ভর্তি-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো শিক্ষার্থী পছন্দের তালিকায় একটি কলেজকে প্রথমে রাখলে ওই প্রতিষ্ঠানে খালি থাকা আসন এবং আবেদনকারীদের ফলাফল বিবেচনায় নেওয়া হয়। একই কলেজে আবেদন করা অন্য শিক্ষার্থীদের মধ্যে ফল বা প্রাপ্ত নম্বর বেশি হলে তুলনামূলক কম নম্বর পাওয়া শিক্ষার্থী সেখানে মনোনয়ন নাও পেতে পারে। তখন তার পরবর্তী পছন্দের কলেজ বিবেচনা করা হয়।

এভাবে একজন শিক্ষার্থীর পছন্দক্রমের একটির পর একটি প্রতিষ্ঠান এবং এসএসসি ফলাফল বিশ্লেষণ করে আসন বরাদ্দ দেওয়া হয়।

কর্মকর্তারা বলছেন, জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থী নিজেদের পছন্দের তালিকায় মাত্র দুই-তিনটি ভালো কলেজ রেখেছেন। এসব প্রতিষ্ঠানে আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় প্রতিযোগিতাও তীব্র হয়েছে। একই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যেও প্রাপ্ত নম্বরের পার্থক্য থাকায় কেউ পছন্দের কলেজে জায়গা পেয়েছেন, আবার কেউ কোনো পছন্দের প্রতিষ্ঠানেই মনোনয়ন পাননি।

এ কারণেই জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ শিক্ষার্থী প্রথম ধাপে কোনো কলেজে বরাদ্দ পায়নি বলে জানিয়েছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

তবে এ শিক্ষার্থীদের ভর্তি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কর্মকর্তাদের ভাষ্য, পরবর্তী ধাপে আসন খালি থাকা সাপেক্ষে তাদের পছন্দের কলেজে আসন দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে নতুন করে পছন্দক্রম নেওয়া হতে পারে। অর্থাৎ প্রথম ধাপে কলেজ না পেলেও পরবর্তী প্রক্রিয়ায় তাদের ভর্তির সুযোগ থাকবে।

প্রকাশিত ফল অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে মনোনয়ন পেয়েছে। এর বিপরীতে এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছিল মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণির অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। আবেদন জমা দেওয়ার সময়সীমা ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থীকে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

এদিকে একাদশে মনোনীত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর। এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওইদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।