পুষ্টিগুণের কারণে চিয়া সিড এখন অনেকের খাদ্যতালিকায় জায়গা করে নিয়েছে। তবে শুধু চিয়া সিড খেলেই হবে না, কীভাবে এবং কোন খাবারের সঙ্গে এটি খাওয়া হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। অন্ত্রের সুস্বাস্থ্য বজায় রাখতে চিয়া সিড খাওয়ার কয়েকটি পদ্ধতি তুলে ধরেছেন ভারতের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সৌরভ শেঠি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিওতে চিয়া সিড খাওয়ার বিভিন্ন উপায় এবং সেগুলোর সম্ভাব্য উপকারিতা নিয়ে পরামর্শ দেন তিনি। ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও বিভিন্ন খনিজ উপাদানে সমৃদ্ধ এই বীজ খাদ্যতালিকায় যুক্ত করার কয়েকটি পদ্ধতিও তিনি রেটিং করেছেন।
দইয়ের সঙ্গে চিয়া সিড
দইয়ের সঙ্গে চিয়া সিড মিশিয়ে খাওয়াকে সবচেয়ে ভালো পদ্ধতিগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন ডা. সৌরভ শেঠি। এ পদ্ধতিকে তিনি ১০-এর মধ্যে ১০ দিয়েছেন। চিয়া সিড থেকে ফাইবারের পাশাপাশি দই থেকে প্রোটিন ও উপকারী ব্যাকটেরিয়া বা মাইক্রোবস পাওয়া যায়।
গ্রিক ইয়োগার্টে গুঁড়ো চিয়া সিড
গ্রিক ইয়োগার্টের সঙ্গে গুঁড়ো করা চিয়া সিড খাওয়ার পদ্ধতিও পেয়েছে ১০/১০ রেটিং। চিয়া সিড গুঁড়ো করে খেলে এর ভেতরে থাকা ওমেগা-৩ ফ্যাট শরীরের জন্য সহজে গ্রহণযোগ্য হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।
ওটসের সঙ্গে চিয়া সিড
চিয়া সিড দিয়ে তৈরি ওটমিলকে ৯/১০ রেটিং দিয়েছেন এই চিকিৎসক। ওটসের সঙ্গে চিয়া সিড যোগ করলে খাবারটির ফাইবারের পরিমাণ বাড়ে। পাশাপাশি এটি হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে বলে তিনি জানান।
চিয়া সিড পুডিং
গরুর দুধ কিংবা উদ্ভিজ্জ দুধে চিয়া সিড সারা রাত ভিজিয়ে রেখে পুডিং তৈরি করেও খাওয়া যায়। এই পদ্ধতিকে ডা. সৌরভ শেঠি ৮/১০ দিয়েছেন। তার মতে, এভাবে খেলে ফাইবার ও প্রোটিনের ভালো উৎস পাওয়া যায়।
স্মুদি বানিয়ে
পুষ্টিকর ফল ও দুধের সঙ্গে চিয়া সিড ব্লেন্ড করে স্মুদি তৈরি করাও আরেকটি উপায়। চিয়া সিড পুডিংয়ের মতো এই পদ্ধতিকেও তিনি ৮/১০ রেটিং দিয়েছেন।
চিয়া ওয়াটার
এক গ্লাস পানিতে চিয়া সিড দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে পরদিন সকালে পান করা যায়। সহজে প্রস্তুত করা যায় বলে ‘ওভারনাইট চিয়া ওয়াটার’কে ৭/১০ রেটিং দিয়েছেন ডা. সৌরভ শেঠি।
শুকনো চিয়া সিড খাওয়া এড়িয়ে চলুন
অন্যদিকে, চামচ দিয়ে সরাসরি শুকনো চিয়া সিড খাওয়ার বিষয়ে সতর্ক করেছেন ডা. সৌরভ শেঠি। এই পদ্ধতিকে তিনি মাত্র ২/১০ দিয়েছেন। তার ব্যাখ্যা, চিয়া সিড খুব দ্রুত তরল শোষণ করে ফুলে উঠতে পারে। তাই শুকনো অবস্থায় সরাসরি খাওয়ার পরিবর্তে আগে পানিতে বা অন্য কোনো তরলে ভিজিয়ে নেওয়া কিংবা গুঁড়ো করে খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
সূত্র: এনডিটিভি লাইফলাইন



