বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত স্বাধীন তদন্ত কমিটি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহানারা আলমের উত্থাপিত চারটি সুনির্দিষ্ট অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে বাংলাদেশ নারী দলের তৎকালীন নির্বাচক ও ম্যানেজার মো. মঞ্জুরুল ইসলামের আচরণকে অপেশাদার বলে উল্লেখ করেছে তদন্ত কমিটি।
বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী জাহানারা আলম একটি ইউটিউব সাক্ষাৎকারে অভিযোগ করেন, মঞ্জুরুল ইসলাম তার প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এবং ব্যক্তিগত স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্ন করেছেন। এসব বিষয়ে তিনি বিসিবির প্রধান নির্বাহী বরাবর লিখিত অভিযোগ দিলেও তখন কোনো কার্যকর সমাধান পাননি।
জাহানারার অভিযোগ তদন্তে গত নভেম্বর ২০২৫ সালে পাঁচ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বর্তমান বিসিবি বোর্ড। কমিটির চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক ড. নাঈমা হক (সদস্য, বাংলাদেশ ল কমিশন), ব্যারিস্টার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবি পরিচালক রুবাবা দৌলা।
তদন্ত কমিটি ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে তাদের কার্যক্রম শেষ করে এবং ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতির কাছে হস্তান্তর করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড পেশাদার আচরণবিধির সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘হয়রানি’র সংজ্ঞার মধ্যে পড়ে। উল্লেখ্য, বিসিবির সঙ্গে মঞ্জুরুল ইসলামের চুক্তির মেয়াদ ৩০ জুন ২০২৫ তারিখে শেষ হয়েছে।
স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে বিসিবি তাদের ‘হয়রানি ও অসদাচরণ’ বিষয়ক জিরো-টলারেন্স নীতির আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি দলকে নিয়োজিত করেছে। বোর্ড তাদের নিজস্ব বিধিবিধান ও প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
একই সঙ্গে বিসিবি জানিয়েছে, হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের রায়ের আলোকে প্রাতিষ্ঠানিকভাবে একটি ‘অভিযোগ কমিটি’ (Complaint Committee) গঠন করা হয়েছে। বিসিবি পরিচালক ও নারী উইং কমিটির চেয়ারম্যান রুবাবা দৌলা এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ ক্রিকেটে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে এই কমিটি একটি স্বাধীন অভিযোগ ব্যবস্থা চালু এবং বাধ্যতামূলক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।



