tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজনীতিজামায়াত কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না

জামায়াত কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না

ঠাকুরগাঁওয়ের বহু প্রতীক্ষিত পরিত্যক্ত বিমানবন্দর চালুর অগ্রগতি পরিদর্শনে গিয়ে জামায়াতে ইসলামীকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের জনগণ কখনো জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চাইবে না।

গতকাল দুপুরে ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে আয়োজিত সংবর্ধনা ও স্বাগত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে তিনি দ্রুত বিমানবন্দর চালুর আশ্বাস দেন এবং জেলার উন্নয়নে একাধিক বড় প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি কখনো সংস্কারের বিরোধী নয়; বরং জুলাই সনদ বাস্তবায়নে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি অভিযোগ করেন, ধর্মের নাম ব্যবহার করে কিছু রাজনৈতিক গোষ্ঠী বিভ্রান্তি ও মিথ্যাচারের মাধ্যমে রাজনৈতিক সুবিধা নিতে চায়। জনগণের আস্থা অর্জনের জন্য সত্য ও স্বচ্ছ রাজনীতি করার ওপর তিনি গুরুত্ব দেন।

জামায়াতের অতীত ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থান ও কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের প্রতি আস্থাশীল নয় এবং এ কারণে তারা কখনো ক্ষমতায় যেতে পারবে না—এমনটাই তার মন্তব্য।

তিনি আরও দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন রাজনৈতিক দিগন্তের দিকে এগোচ্ছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।

ঠাকুরগাঁও বিমানবন্দর প্রসঙ্গে তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি ইতিমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, তড়িঘড়ি নয়, বরং টেকসই ও স্থায়ী অবকাঠামো গড়ে তুলতেই সরকার কাজ করছে। তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, এমন ব্যবস্থা করা হবে যাতে পরবর্তীতে এটি বন্ধ হয়ে না যায়।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালুর চেষ্টা চলছে।

এর আগে সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, আসন্ন নির্বাচন তার শেষ নির্বাচন হতে পারে এবং জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই তার লক্ষ্য।

তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি এই এলাকার সন্তান এবং বারবার জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনা হিসেবে সদর উপজেলাকে বিভক্ত করে নতুন দুইটি উপজেলা গঠনের অনুমোদন, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের অগ্রগতির কথাও তুলে ধরেন।