ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতার লোভে রাজনীতি করলে নীতি ও আদর্শ থাকে না। তিনি বলেন, “আমরা ব্যক্তিগত স্বার্থে নয়; আল্লাহর সন্তুষ্টি, দেশপ্রেম ও মানুষের সেবার লক্ষ্যেই রাজনীতি করি। এমপি বা মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা আমাদের রাজনীতির উদ্দেশ্য নয়। দেশ, ইসলাম ও মানুষের কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার পাথরঘাটা হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম আরও বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের হাত ধরেই বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যার পরিণতিতে বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত ‘বেগমপাড়া’।
জামায়াতের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “৫ আগস্টের পর জনগণের সামনে তাদের প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে। জামায়াতের মতো এত বড় মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি নেই। তারা ক্ষমতায় গেলে শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে—এমন কোনো সুস্পষ্ট অঙ্গীকার নেই।” তিনি জানান, ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দৃঢ় অঙ্গীকার না থাকায় ওই জোট থেকে বেরিয়ে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
চরমোনাই পীর বলেন, জোট ছাড়ার পর অনেকেই ভেবেছিল ইসলামী আন্দোলন একা হয়ে পড়বে। বাস্তবে সংগঠনটি এখন আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। সাধারণ মানুষ হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বিজয়ী হবেন।
বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের উপদেষ্টা ও বরগুনা-১ আসনের প্রার্থী অলিউল্লাহ, বরগুনার ভাওয়ালকারের পীর আবদুল কাদের, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুর সাকুর এবং ইসলামী আলোচক হাবিবুর রহমান মেজবাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।



