tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজনীতিজামায়াতকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য ‘অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’: গোলাম পরওয়ার

জামায়াতকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য ‘অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’: গোলাম পরওয়ার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যকে ‘অসত্য, উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২০ মে) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে মন্তব্য করেছেন, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর।

তিনি বলেন, “জামায়াতে ইসলামীর বিরুদ্ধে গৎবাঁধা মিথ্যাচার ও বিষোদ্গার করা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকতে এবং সস্তা জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যেই তিনি একটি সুশৃঙ্খল ও গণমুখী ইসলামী দলের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন।”

ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে মির্জা ফখরুলের সমালোচনার জবাবে গোলাম পরওয়ার দাবি করেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক দল, যারা কখনো ধর্মকে ব্যবসা বা রাজনৈতিক চাতুর্যের হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি।

তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “ধর্ম নিয়ে প্রকৃত ভণ্ডামি বিএনপিই করে। নির্বাচন এলেই তাদের নেতাদের পাজামা-পাঞ্জাবি, টুপি, তসবিহ ও আতরসহ ধর্মীয় আবহে দেখা যায়। জনগণের ধর্মীয় আবেগ ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি বিএনপির জন্যই বেশি প্রযোজ্য।”

জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না— মির্জা ফখরুলের এমন মন্তব্যেরও সমালোচনা করেন তিনি। গোলাম পরওয়ার বলেন, “জামায়াতে ইসলামী দেশের কোটি মানুষের সমর্থনপুষ্ট একটি দল। অতীতে জনগণ ভোট দিয়ে আমাদের সংসদে পাঠিয়েছে এবং আমাদের মন্ত্রীরা সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।”

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের সভায় দেশবাসীকে বিভ্রান্ত করতে ‘সস্তা নাটক’ মঞ্চস্থ করার চেষ্টা করা হয়েছে, যা একজন সিনিয়র রাজনীতিকের কাছে কাম্য নয়।

স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াতকে নিয়ে দেওয়া বক্তব্যকেও ‘পুরোনো ও অসত্য বয়ান’ বলে উল্লেখ করেন গোলাম পরওয়ার। তার দাবি, জামায়াতে ইসলামী সবসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত রাখবে।

সবশেষে তিনি বলেন, “মিথ্যা ও কুৎসার ভিত্তিতে টেকসই রাজনীতি করা যায় না। সত্য, সততা ও জনকল্যাণমূলক আদর্শের ভিত্তিতেই রাজনীতি করতে হবে। তাই রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে জামায়াতের বিরুদ্ধে অসত্য ও উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”