মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তারা এ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে জানা গেছে। এ সময় তারা উভয় নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
মন্ত্রিপরিষদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় জোরদার করা হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কজুড়ে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি কার্যক্রম চালায় নিয়মিত। পুরো এলাকা সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়।
এর আগে মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে বুধবার সচিবালয়ে অফিস করার কথা রয়েছে তার। সেখানে মধ্যাহ্নভোজ শেষে বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন তিনি। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভাও নির্ধারিত রয়েছে। এ উপলক্ষে সচিবালয় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগে ব্যস্ততা বেড়েছে। নতুন ভবনের ছয়টি লিফটই ছিল সচল ও ব্যস্ত। কর্মকর্তারা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে ছুটেছেন। প্রচলিত রেওয়াজ ভেঙে এবার জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন-এর কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।



