জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সম্প্রতি এক টকশোতে বলেন, রাজনীতিতে একটি ‘কুলিং পিরিয়ড’ প্রয়োজন। তিনি জিয়াউর রহমানের সময়কার উদাহরণ টেনে উল্লেখ করেন, ২১ আগস্টের ঘটনার পর দুই বছরের বিরতিতে আওয়ামী লীগ বিএনপিকে সরাসরি নির্যাতন শুরু করেনি। এ ধরনের ‘কুলিং টাইম’ আজকের রাজনীতিতেও দরকার বলে মন্তব্য করেন তিনি।
এর জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বলেন, আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে এবং জনগণের সম্পদ লুটপাটে সহযোগিতা করার ক্ষেত্রে জাতীয় পার্টির ভূমিকা রয়েছে। তিনি প্রশ্ন করেন, “কুলিং টাইম আবার কিসের? বিএনপি কখনো নির্যাতন-অত্যাচারে বিশ্বাস করে না। আমরা তো এখনো ক্ষমতায় নেই, নির্বাচনই হয়নি। তাহলে জাতীয় পার্টির মহাসচিব কোন দায়ের কথা বলছেন?”
রিজভী আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা শত শত মামলায় ভুক্তভোগী হলেও তারা অন্য কাউকে লাঞ্ছিত করতে চান না। তবে যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছে এবং তার বয়ানে সুর মিলিয়েছে, তাদের আইনের আওতায় আনতে হবে। জনগণ তাদের বিচার দেখতে চায়।
তিনি জাতীয় পার্টির উদ্দেশে প্রশ্ন রাখেন— “যখন ইলিয়াস আলী, চৌধুরী আলম কিংবা সাইফুল ইসলাম হিরু গুম হলেন, তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন ছাত্র-যুবনেতারা গুম হলেন, তখন আপনারা কী ভূমিকা রেখেছিলেন?”
২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের সমালোচনা করে তিনি বলেন, “সেই নির্বাচনে ভোটকেন্দ্রে মানুষ না থাকলেও কুকুর-বিড়াল ঘুরে বেড়িয়েছে। অথচ জাতীয় পার্টি সেখানে গেছে। ২০১৮ সালের নির্বাচনের আগেও বিএনপির প্রার্থীদের গ্রেফতার করা হয়, কিন্তু তখনও জাতীয় পার্টি আওয়ামী লীগের পাশে ছিল।”



