tanaka
প্রচ্ছদজাতীয়জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন-পিবিসি) সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরোর নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কোকে সভাপতি এবং বাংলাদেশ, জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়াকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাত-পরবর্তী ও সংঘাতপ্রবণ দেশগুলোতে টেকসই শান্তি প্রতিষ্ঠায় সহায়তা প্রদান করে থাকে। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘের শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত মোট ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে এ কমিশন গঠিত।

২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ শান্তি বিনির্মাণ কমিশনের সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা রেখে আসছে। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহ-সভাপতির দায়িত্ব পালন করে।

এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় সহ-সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির প্রতিনিধি এবং মহাসচিবের পক্ষে চিফ অব স্টাফ উপস্থিত ছিলেন। তারা শান্তি বিনির্মাণ কমিশনের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশের ওপর আস্থা রাখার জন্য কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ প্রচেষ্টা জোরদার করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সূত্র: ইউএনবি