জরুরি ভিত্তিতে পুলিশ বাহিনীতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা জোরদার করতে দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে এবং তা দ্রুত বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, আগের সরকারের আমলে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্স প্রদান যথাযথ নিয়ম মেনে হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি সতর্ক করে বলেন, পুলিশের দায়িত্ব পালনে কেউ অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বাধাদানকারী ব্যক্তি রাজনৈতিক বা সামাজিক পরিচয়ের যেই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। পাশাপাশি পুলিশের কার্যক্রম যেন জনসাধারণের দুর্ভোগের কারণ না হয়, সে বিষয়েও নজর রাখা হবে বলে জানান তিনি।



