সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। আইন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আজ ২৩ ফেব্রুয়ারি (সোমবার) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর বাবা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরী। পারিবারিক ঐতিহ্য অনুসরণ করেই তিনি আইন পেশায় আসেন। বিশ্লেষকদের মতে, দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার কারণে তাঁর নিয়োগ দেশের আইন অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে।
শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন। পাশাপাশি লন্ডনের ঐতিহাসিক লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।
দীর্ঘ আইনজীবী জীবনে তিনি রাষ্ট্রের পক্ষে একাধিক গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেছেন।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর তৎকালীন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বর্তমানে সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পদত্যাগের পর থেকে অ্যাটর্নি জেনারেল পদটি শূন্য রয়েছে।



