ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা দেওয়ার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিং এ অভিযোগকে ‘তথ্যভিত্তিক নয়’ বলে উল্লেখ করেছে।
মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, চীনের বিরুদ্ধে আনা এ ধরনের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।
নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় গুয়ো জিয়াকুন বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে চীনের সম্পৃক্ততার অভিযোগে বেইজিং আগেও একাধিকবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। তিনি বলেন, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে চীন সবসময় আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলে।
তিনি আরও জানান, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে চীন প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা চালায়। পরে ইরানকে সহায়তার অভিযোগ তুলে চীনের কয়েকটি তেল শোধনাগার ও স্যাটেলাইট ইমেজিং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
সংঘাত চলাকালে ইরানে ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হন এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন। এছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ সেনাসদস্য নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়।



