বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা (ডব্লিউএআইসিও)-তে পর্যবেক্ষক (অবজারভার) হিসেবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
শনিবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক ফেসবুক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
গত ১৬ জুলাই চীনে অনুষ্ঠিত বিশ্ব এআই সম্মেলনের (ওয়ার্ল্ড এআই কনফারেন্স) উচ্চপর্যায়ের বৈঠকে ডব্লিউএআইসিও গঠনের ঘোষণা দেওয়া হয়। চীনের বাণিজ্যিক নগরী সাংহাইভিত্তিক এই আন্তঃসরকারি সংস্থার প্রাথমিক সদস্য হয়েছে ২৯টি দেশ। সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগালসহ গ্লোবাল সাউথের বেশ কয়েকটি রাষ্ট্র।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ডব্লিউএআইসিওর মূল লক্ষ্য হলো এআই উদ্ভাবনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং বৈশ্বিক এআই ব্যবস্থায় উন্মুক্ত, নিরপেক্ষ ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলা। পাশাপাশি এআই প্রযুক্তির নিরাপদ, দায়িত্বশীল ও মানবকল্যাণমুখী ব্যবহারের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নেও সংস্থাটি সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াবে।
সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারে সব দেশের অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি কোনো একক দেশের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। তাঁর মতে, এআইয়ের ভবিষ্যৎ উন্নয়ন আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের মাধ্যমেই এগিয়ে নেওয়া সম্ভব।



