দেশের বাজারে মোটা চালের মূল্য বৃদ্ধির তথ্য সামনে আসার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, প্রান্তিক মানুষের প্রধান খাদ্য মোটা চালের খুচরা বাজারে মূল্যবৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এর ফলে বাজারে তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশও দিয়েছেন তিনি।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি ও অবৈধ পাচার রোধে নিয়মিত টহল জোরদার এবং মৎস্যসম্পদ সুরক্ষা ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।



