tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশচারদিন ধরে বিদ্যুৎহীন কমলগঞ্জ, নেটওয়ার্ক বিচ্ছিন্ন অধিকাংশ এলাকা

চারদিন ধরে বিদ্যুৎহীন কমলগঞ্জ, নেটওয়ার্ক বিচ্ছিন্ন অধিকাংশ এলাকা

কালবৈশাখীর তাণ্ডবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত শনিবার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলা সদরের কিছু অংশে প্রায় ২৩ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরলেও অধিকাংশ এলাকা এখনো অন্ধকারে ডুবে আছে।

টানা চারদিন বিদ্যুৎ না থাকায় মাধবপুর ও ইসলামপুর ইউনিয়নসহ বেশ কয়েকটি এলাকায় মোবাইল নেটওয়ার্কও অচল হয়ে পড়েছে। বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর থেকেই এসব এলাকা নেটওয়ার্কের বাইরে চলে যায়।

গত শনিবার রাত ২টার দিকে কমলগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়। একটি বড় গাছ পড়ে পল্লীবিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের পর থেকে পুরো উপজেলায় বিদ্যুৎহীন পরিস্থিতি বিরাজ করছে।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ঘরোয়া জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে, পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চা শিল্প। বিদ্যুতের অভাবে কমলগঞ্জের অধিকাংশ চা বাগানে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। সাপ্তাহিক ছুটির পর রোববার থেকে বুধবার পর্যন্ত টানা কয়েকদিন বাগানগুলোতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ।

বিদ্যুতের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন স্থানীয়রা। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান।

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরাও পড়েছেন চরম সংকটে। বালিগাঁও গ্রামের পরীক্ষার্থী তুষ্টি পাল বলেন, “কয়েকদিন ধরে বিদ্যুৎ না থাকায় পড়াশোনা করতে খুব কষ্ট হচ্ছে। এই গুরুত্বপূর্ণ সময়ে এমন পরিস্থিতি আমাদের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলছে।”

এদিকে বিদ্যুৎ না থাকায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে, ফলে জরুরি সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রঞ্জন কুমার ঘোষ জানান, “রোববার থেকে আমাদের কর্মীরা নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করছেন। মূল সঞ্চালন লাইনে বড় ধরনের ত্রুটি থাকায় মেরামতে কিছুটা সময় লাগছে। আশা করছি দ্রুতই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।”