চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি করাই সবচেয়ে বড় অগ্রাধিকার। চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে হলে বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, চট্টগ্রামে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বন্দরের কার্যক্রমকে আধুনিক ও আরও দক্ষ করে তুলতে হবে। একই সঙ্গে শিল্প ও সেবাখাতে নতুন কর্মসংস্থান সৃষ্টির দিকেও গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, চট্টগ্রামকে প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এসব পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তাঁর মতে, বর্তমানে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান—এটি সমাধানে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এদিন সকাল সাড়ে ১১টায় নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়ির পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করার কথা রয়েছে মন্ত্রীর। পরে তিনি নগরের কদমতলী মাদারবাড়ী জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন।



