tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিপোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মতবিরোধ, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মতবিরোধ, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো সমঝোতা হয়নি। মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় মঙ্গলবারের বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বোর্ডের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টার পর সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

সভায় আলোচ্যসূচিতে ছিল দুটি বিষয়। এর মধ্যে রয়েছে, তৈরি পোশাকশিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং এ শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ বৈঠকে মালিকপক্ষ মাসিক সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করে।

তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে উল্লেখ করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় ওই বৈঠকেও কোনো সমঝোতা হয়নি। পরে নিজেদের প্রস্তাব পুনর্বিবেচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয় উভয়পক্ষ।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবারের বৈঠকেও মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তবে মালিক ও শ্রমিকপক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় ন্যূনতম মজুরি নির্ধারণে চূড়ান্ত সুপারিশ আসেনি। ফলে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের বিষয়টি এখনো অনিশ্চয়তায় রয়ে গেছে।