চট্টগ্রামের সাতকানিয়ার চরপাড়া এলাকার ইউনুস মার্কেটের একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাদের ইনস্টিটিউটে আনা হয়। দগ্ধরা হলেন—মো. মাহবুবুর রহমান (৪৫), মো. ইদ্রিস আলী (২৭), মো. রিয়াজ উদ্দিন (২০) ও মো. ইউসুফ আলী (৩২)।
প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন জানান, সকাল ৮টার দিকে মাহবুবুর রহমানের দোকানে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় হঠাৎ একটি বিকট বিস্ফোরণ ঘটে। এতে দোকান মালিকসহ প্রায় ১০ জন দগ্ধ হন। প্রথমে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। বিস্ফোরণের কারণ হিসেবে সিগারেটের আগুনকে দায়ী করেছেন তিনি।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ চারজনের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইদ্রিস আলীর ৬০ শতাংশ, ইউসুফ আলীর ৫৭ শতাংশ, মাহবুবুর রহমানের ৫০ শতাংশ এবং রিয়াজ উদ্দিনের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।



