tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদসারাদেশচট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে ভেল্লাপাড়া ব্রিজসংলগ্ন তালতল ক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগল পরিবহনের একটি বাস দ্রুতগতিতে উল্টো পথে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে এসে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, আহত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজন মারা গেছেন। আহতদের চিকিৎসা চলছে।

এদিকে কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ দাশ জানান, দুর্ঘটনার পর বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে দুই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।