ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে আবারও গ্রিনল্যান্ড ইস্যুতে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়ে ‘অবিলম্বে আলোচনা’ চান, তবে এ জন্য কোনো ধরনের বলপ্রয়োগ করবেন না।
সুইজারল্যান্ডের দাভোসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘ইউরোপ সঠিক পথে এগোচ্ছে না।’ তিনি যোগ করেন, ‘আমি ইউরোপকে ভালোবাসি এবং এটিকে ভালো করতে দেখতে চাই, কিন্তু বাস্তবতা হলো—ইউরোপ এখন সঠিক পথে নেই।’—খবর বিবিসির।
গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণের প্রতি ‘অপরিসীম শ্রদ্ধা’ রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড একটি ‘বিশাল, প্রায় জনবসতিহীন ও অনুন্নত অঞ্চল’, যা বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রায় ২০০ বছর ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করে আসছে। ডেনমার্কের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, সেখানে ডেনমার্কের ‘কোনো দৃশ্যমান চিহ্ন নেই’; বরং যুক্তরাষ্ট্রই এই বিশাল ভূখণ্ড ও বরফাচ্ছাদিত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং উন্নয়ন ঘটাতে সক্ষম।
ন্যাটোর প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘আমি যদি অতিরিক্ত বলপ্রয়োগের সিদ্ধান্ত নিতাম, তবে আমরা তা অর্জন করতে পারতাম এবং অপ্রতিরোধ্য হয়ে উঠতাম। কিন্তু আমরা তা করব না।’
তিনি আরও জোর দিয়ে বলেন, ‘আমাকে বলপ্রয়োগ করতে হবে না, আমি তা চাইও না। আমি বলপ্রয়োগ করব না।’
শেষে ট্রাম্প বলেন, ‘আমেরিকা যা চায়, তা হলো গ্রিনল্যান্ড নামের একটি জায়গা।’
সূত্র: বিবিসি



