গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—দশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সী মেয়ে মিম আক্তার এবং তাঁর ফুফাতো বোন কবির মন্ডলের মেয়ে আফরিন আক্তার।
স্থানীয়রা জানান, মিম ও আফরিন বাড়ির আশপাশে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জহুরুল হক পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



