বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, ‘নতুন জালেম’ হিসেবে পরিচিত একটি গোষ্ঠী বিভিন্ন জায়গায় ভুয়া সিল ও ব্যালট পেপার ছাপাচ্ছে। তিনি বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে দেখা যাচ্ছে—বাংলাদেশের মানুষ যাদের ‘গুপ্ত’ হিসেবে চেনে, তাদের লোকজন পরিচিত কিছু প্রেসে এসব ব্যালট ছাপাচ্ছে, যা পরে পকেটে করে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।
তিনি আরও বলেন, ওই গোষ্ঠীর লোকজন বিভিন্ন এলাকায় গিয়ে নিরীহ মা-বোনদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। তারেক রহমান বলেন, ‘এই গুপ্তের দল, এই জালেমের দল দাবি করছে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। অথচ নির্বাচনের আগেই তারা জাল ব্যালট ছাপাচ্ছে, মানুষের এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে। অনৈতিক কাজ দিয়ে যাদের শুরু, তারা কখনো সৎ শাসন দিতে পারে না।’
তিনি অভিযোগ করে বলেন, মা-বোনদের হয়রানির পর তারা দাবি করছে, এ কাজে তারা জড়িত নয় এবং তাদের আইডি হ্যাক হয়েছিল। তবে বিশেষজ্ঞদের মতে, এসব আইডি হ্যাক হয়নি। ধরা পড়ার পর তারা মিথ্যা বক্তব্য দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।
এর আগে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন তারেক রহমান। হেলিকপ্টার থেকে নামার পর তাকে স্বাগত জানান বরিশাল বিভাগ ও জেলার শীর্ষ বিএনপি নেতারা। তাকে একনজর দেখতে সকাল থেকেই বেলস পার্ক ও আশপাশের এলাকায় বরিশাল বিভাগের ছয় জেলার লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সভাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
দীর্ঘ প্রায় দুই দশক পর বরিশাল সফরে এলেন তারেক রহমান। সর্বশেষ ২০০৬ সালে তিনি বরিশাল সফর করেছিলেন, তখন তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন উত্তেজনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন দলীয় নেতারা।



