tanaka
প্রচ্ছদসারাদেশআইনশৃঙ্খলার উন্নতি ছাড়া সমৃদ্ধ দেশ গড়া সম্ভব নয়: খন্দকার মারুফ

আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া সমৃদ্ধ দেশ গড়া সম্ভব নয়: খন্দকার মারুফ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত স্বনির্ভর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অপরিহার্য। এর কোনো বিকল্প নেই।

সোমবার (২৪ আগস্ট) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মারুফ বলেন, অপরাধীর কোনো দল বা আদর্শ নেই—সে কেবলই অপরাধী। তারা দেশ ও জাতির শত্রু এবং নিরাপদ বাংলাদেশ গড়ার পথে বড় বাধা। সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, অপরাধীরা যাতে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে কঠোর ও কার্যকর আইনি ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে কাজ চলছে। জনগণ উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। আর এই উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অত্যন্ত জরুরি।

বিএনপির এই নেতা দাবি করেন, বিগত ফ্যাসিবাদী সরকার দুঃশাসন, জুলুম ও নিপীড়নের মাধ্যমে দেশের গণতন্ত্র ও অর্থনীতিসহ বিভিন্ন খাতকে ধ্বংস করেছে। তারেক রহমান সেই পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ ভবিষ্যতে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় মেঘনা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চাঁদাবাজি ও সন্ত্রাস দমন, মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা, হাটবাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চুরি প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন বিষয়ে করণীয় তুলে ধরেন খন্দকার মারুফ।

তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের সেবক হিসেবে জনস্বার্থ রক্ষা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের গাফিলতি বা শৈথিল্য জনগণ মেনে নেবে না এবং কর্মকর্তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

মেঘনার ইউএনও মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন বায়েজিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজউদ্দিন লন্ডনী, সদস্যসচিব মো. সালাহউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।