বর্তমান জাতীয় পরিস্থিতিতে সেনাবাহিনীকে ঘিরে বিভিন্ন বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এ বিষয়ে জনগণকে সতর্ক করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে নেপালের সেনাবাহিনী।
নেপালের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, সেনাবাহিনী নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি, প্রেস নোট এবং অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে নিজেদের কার্যক্রম ও অবস্থান সম্পর্কে তথ্য জানিয়ে আসছে। তাই শুধুমাত্র এই অফিসিয়াল মাধ্যমগুলোর ওপরই ভরসা রাখতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনী ভবিষ্যতেও সময়মতো ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সবাইকে অনুরোধ করা হয়েছে যেন কেউ অযাচিত আতঙ্ক না ছড়ায়, শান্তি বজায় রাখতে সহায়তা করে এবং যাচাই-বাছাই না করা তথ্য প্রচার থেকে বিরত থাকে।
এদিকে, সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক দুই দিনের সহিংসতায় সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতির পরিমাণ ২০০ বিলিয়ন (২০ হাজার কোটি) রুপি ছাড়িয়ে গেছে।
অগ্নিকাণ্ডে ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ সরকারি ভবন, অমূল্য ঐতিহাসিক নথিপত্র ও দলিল। নগর উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সিংহ দরবার, পার্লামেন্ট ভবন ও সুপ্রিম কোর্টসহ একাধিক স্থাপনায় ভয়াবহ ক্ষতি হয়েছে। এসব স্থাপনার প্রতিটির নির্মাণে ব্যয় হয়েছিল কোটি কোটি রুপি।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “এসব ভবন কেবল সংস্কার বা রেট্রোফিটিং করে পুনরায় ব্যবহার করা সম্ভব নয়। সম্পূর্ণ পুনর্নির্মাণ করতে ২০০ বিলিয়নেরও বেশি রুপি প্রয়োজন হবে।” উল্লেখযোগ্য বিষয় হলো, এই হিসাব শুধু ভবনের; অফিস সেটআপ ও ব্যবস্থাপনার অতিরিক্ত ব্যয় এতে অন্তর্ভুক্ত নয়।



