গিটার বাজিয়ে গান গাওয়ার ছদ্মবেশে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার (১৩ মে) রাত ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহবাগ থানার একটি বিশেষ টিম সাধারণ পোশাকে উদ্যান এলাকায় প্রবেশ করে। তারা সেখানে গানের আসরের মতো পরিবেশ তৈরি করে গিটার বাজিয়ে ও গান গেয়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নজরদারির বাইরে এনে ফেলে। এই কৌশলে সন্দেহভাজনদের উপস্থিতি বাড়লে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. মামুনুর রহমান (২৪), মো. রানা (১৯), সজীব অধিকারী, মো. শহীদুল ইসলাম (৪২), মো. রাকিব হোসেন (১৯), মো. আল আমিন (১৯) এবং মো. মাছুম ভূইয়া (২৪)। তাদের কাছ থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃতদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদক নির্মূলে এ ধরনের সৃজনশীল ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



