tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকগাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ নিহত ১১

গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ নিহত ১১

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় দুই শিশুসহ অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) এসব হামলা চালানো হয়, যা চলমান যুদ্ধবিরতির নীতিমালার লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।

গাজার সিভিল ডিফেন্স ও বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, উত্তর গাজায় চালানো হামলায় নিহতদের মধ্যে তিন বছর ও ১৪ বছর বয়সী দুটি শিশুও রয়েছে।

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা শহরে একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে চালানো বিমান হামলায় তিন বছরের এক শিশুসহ চারজন নিহত হন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শহরের প্রাণকেন্দ্রে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ওই হামলা চালানো হয়। এতে এক পুলিশ সদস্যসহ কয়েকজন নিহত এবং অন্তত ৯ জন পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এদিন ভোরে উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মাহমুদ বাসাল।

এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় গাজা শহরের শাতি শরণার্থী শিবিরের একটি মোড়ে বিমান হামলায় আরও কয়েকজন নিহত হন। আল-শিফা হাসপাতালের চিকিৎসকদের বরাতে জানা গেছে, ড্রোন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে জড়ো হওয়া একদল ফিলিস্তিনি হতাহত হন। ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, একটি ক্যাফের কাছেও এই হামলা চালানো হয়, যাতে আরও বেশ কয়েকজন আহত হন।

উল্লেখ্য, গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির ফলে দীর্ঘদিনের সংঘাত কিছুটা কমলেও গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান ও হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত এসব হামলায় প্রায় ৭৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় আরও ২,১১১ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত গাজায় মোট ৭২,৩৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা