৩০ বছর ধরে গরু ছাড়াই ঘানি টেনে চলা নীলফামারীর এক প্রবীণ দম্পতির মানবিক গল্প সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন সরাসরি যোগাযোগ করতে মোস্তাকিন আলী (তেলী) ও তার পরিবারের সঙ্গে।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল মোস্তাকিন আলীর বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
কিশোরগঞ্জ উপজেলার বাগাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি (পাগলাটারী) গ্রামে মোস্তাকিন আলীর বাড়িতে গিয়ে তার ৩০ বছরের স্মৃতিবিজড়িত ঘানি পরিদর্শন করেন রিজভী। এসময় তারেক রহমানের পক্ষ থেকে মোস্তাকিন আলীর প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি এবং তার সার্বিক খোঁজখবর নেন।
পরে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের পক্ষ থেকে মোস্তাকিন আলী দম্পতির হাতে ঘানির জন্য একটি গরু কেনার অর্থ এবং পরিবারকে স্বাবলম্বী করতে ব্যাটারিচালিত দুটি অটো ভ্যানের চাবি তুলে দেন রিজভী।
এই মানবিক উদ্যোগে আরও উপস্থিত ছিলেন—
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং সদস্য মাসুদ রানা লিটন।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন, বিএনপির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর (সাংগঠনিক) জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল-মামুনসহ স্থানীয় নেতাকর্মীরা।
একই অনুষ্ঠানে ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ সৈয়দপুরের সাজ্জাদ হোসেন ও নাঈম বাবুর পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে তাদের পাশে দাঁড়ায় ‘আমরা বিএনপি পরিবার’। তাদেরও দেওয়া হয় আর্থিক সহায়তা।



