বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, সেসব নিয়েই অগ্রসর হতে হবে। তিনি জানান, ঐকমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই, বিশেষ করে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ক্ষেত্রে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে জনগণ দেশের সমস্যার সমাধানের দায়িত্ব দেয়নি। বিএনপির অনেক প্রস্তাবে ঐকমত্য আসেনি, আমরা তা মেনে নিয়েছি। তাই অন্য দলগুলোকেও একইভাবে গ্রহণযোগ্যতা দেখাতে হবে।”
দলীয় প্রার্থী ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, “কোন দল কী করবে, সেটা তাদের ব্যাপার। বিএনপি উপযুক্ত সময়ে প্রার্থীর নাম জানাবে। বিএনপি একটি বড় দল, এখানে একাধিক প্রার্থিতার প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। তবে দল যাকে মনোনয়ন দেবে, সবাই তাকেই সমর্থন করবে।”
আওয়ামী লীগ নেতার সঙ্গে তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ নিয়ে বিএনপির কোনো উদ্বেগ নেই। যে কেউ, যেকোনো দলের সঙ্গে বৈঠক করতেই পারে।”
এর আগে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আমীর খসরু জানান, বৈঠকে বাংলাদেশ-জার্মানির ভবিষ্যৎ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।



