দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন।
শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬ জন, চট্টগ্রামে ৫৭ জন, ঢাকার বিভাগীয় অঞ্চলে ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৮ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু এবং ঢাকা মেডিকেল ও মুগদা হাসপাতালে চিকিৎসাধীন আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২২৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে—মোট ৪১ জন। আগস্টে (২১ তারিখ পর্যন্ত) মারা গেছেন ৩১ জন। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিল ও মে মাসে যথাক্রমে ৭ ও ৩ জন, জুনে ১৯ জনের মৃত্যু হয়েছে। তবে মার্চ মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের, এবং আক্রান্ত হয়েছেন ১,০১,২১৪ জন।



