পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এর ধারাবাহিকতায় আগামী দিনে অর্থনৈতিক মুক্তির পথ আরও সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। দীর্ঘদিনের নানা সংকট ও ত্যাগের মধ্য দিয়ে দেশ আজ আবার গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, সামনে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে—এটাই দেশের মানুষের প্রত্যাশা।
বিগত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, দীর্ঘদিনের দুঃশাসনের অবসানে ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এর ফলে মানুষের মধ্যে যে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন কেবল একটি গণতান্ত্রিক সরকারই ঘটাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ আজ পরাশক্তির চাপ ও নির্যাতনের মুখে রয়েছে। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলেও তিনি মন্তব্য করেন।
ঈদের নামাজ শেষে স্পিকার স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



