গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার শিল্পকলা একাডেমীতে দৈনিক নয়া দিগন্ত-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রকামী শক্তির ওপর ফ্যাসিবাদী সরকারের দমন–পীড়নের কথা জাতি ভুলে যায়নি। ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা, ২০ হাজারের বেশি নেতা–কর্মীর হত্যা ও গুম—এসব আমাদের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়।”
ফখরুল বলেন, “এই দেশের মানুষ একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায়—যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয়, বরং জনগণের ইচ্ছায় পরিচালিত হবে। নয়া দিগন্ত সেই লক্ষ্যেই গণমানুষের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রেখে চলেছে।”
১৯৭৫ সালের বাকশাল শাসনামলে সংবাদপত্রের স্বাধীনতা হরণের দুঃসময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “তখন সাংবাদিকরা বেকার হয়েছিলেন, অনেকে রাস্তায় হকারি করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসনামলেও নয়া দিগন্ত-এর সাংবাদিকরা দমন–পীড়নের ভয়াবহ ছায়ার মধ্যেও সত্য প্রকাশে অটল ছিলেন। তাদের সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য আমি কৃতজ্ঞ।”
শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নয়া দিগন্ত পরিবারকে শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।



