tanaka
প্রচ্ছদসারাদেশখেয়াঘাটের কাঠের সাঁকো ভেঙে দিল দুর্বৃত্তরা, দুর্ভোগে হাজারো মানুষ

খেয়াঘাটের কাঠের সাঁকো ভেঙে দিল দুর্বৃত্তরা, দুর্ভোগে হাজারো মানুষ

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীসংলগ্ন চরকাচিয়া গ্রামের খেয়াঘাট এলাকায় মানুষের চলাচলের জন্য নির্মিত কাঠের সাঁকোটি রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এতে চরাঞ্চলের কয়েক হাজার মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, মোটরসাইকেল চালক, মিশুক ও অটোরিকশাচালকসহ পথচারীরা।

সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিল্লাল বেপারী খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উত্তর চরবংশী ইউনিয়নের হাজিমারা আশ্রয়কেন্দ্রের ওপর দিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জে যাতায়াতের সুবিধার্থে চার গ্রামের মানুষ নিজেদের অর্থ ও শ্রমে কাঠের সাঁকোটি নির্মাণ করেন। সম্প্রতি সাঁকোটির মাঝখানের বেশ কয়েকটি অংশ কেটে ও ভেঙে দেওয়া হয়েছে। কোথাও কোথাও কাঠের টুকরো বিচ্ছিন্ন হয়ে পানিতে ভাসতে দেখা গেছে।

সাঁকোটি ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিকভাবে মানুষ ও যানবাহন চলাচল করতে পারছে না। বিশেষ করে অসুস্থ রোগী, শিশু, নারী ও বয়স্কদের পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সাঁকোটির অন্যতম উদ্যোক্তা সোহেলসহ কয়েকজন গ্রামবাসী বলেন, হাজারো কৃষক ও গ্রামবাসীর চলাচলের সুবিধার কথা বিবেচনা করে নিজেদের অর্থ ও শ্রমে সাঁকোটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা এটি ক্ষতিগ্রস্ত করেছে, তা তারা জানেন না।

এলাকাবাসীর দাবি, সাঁকোটি ভাঙার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। তাদের ভাষ্য, কয়েক দিন ধরে খেয়াঘাট এলাকায় পারাপারে চরম দুর্ভোগ চলছে।

রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের প্রশাসক নিগার সুলতানা বলেন, সাঁকো ভাঙার বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।