বাংলা সিনেমার পরিচিত মুখ রুক্মিণী মৈত্রকে এবার দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে। অক্ষয়ের আসন্ন সিনেমা ‘শামুক’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য রুক্মিণীর সঙ্গে নির্মাতাদের আলোচনা চলছে বলে বলিউডে গুঞ্জন উঠেছে।
জানা গেছে, কণিষ্ক ভার্মা পরিচালিত ‘শামুক’ একটি সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার। সিনেমাটির শুটিং বর্তমানে যুক্তরাজ্যে চলছে। নির্মাতারা এমন একজন অভিনেত্রী খুঁজছিলেন, যার ব্যক্তিত্ব দৃঢ় এবং পর্দায় উপস্থিতি দর্শকের নজর কাড়ে। সেই বিবেচনায় রুক্মিণীকে পছন্দ করেছেন তারা।
তবে এখনো রুক্মিণীর অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়নি। ফলে অক্ষয়-রুক্মিণী জুটিকে বড় পর্দায় সত্যিই দেখা যাবে কি না, তা নিশ্চিতভাবে বলার সময় এখনো আসেনি।
‘শামুক’ প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ ও আসীন এ শাহ। দীর্ঘ ১২ বছর পর এই সিনেমার মাধ্যমে অক্ষয় কুমার ও বিপুল অমৃতলাল শাহ আবারও একসঙ্গে কাজ করছেন। এর আগে ‘হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি’, ‘অ্যাকশন রিপ্লে’, ‘নমস্তে লন্ডন’ ও ‘ওয়াক্ত: দ্য রেস এগেনস্ট টাইম’-এর মতো সিনেমায় তাদের একসঙ্গে কাজ করতে দেখা গেছে।
সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এতে রুক্মিণী থাকছেন কি না, সেটি নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
এর আগে ২০২১ সালে ‘সনক’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয়েছিল রুক্মিণী মৈত্রের। সম্প্রতি দেব প্রযোজিত ও অভিনীত বাংলা সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র শুটিং শেষ করেছেন তিনি। সিনেমাটিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী। চলতি বছরের স্বাধীনতা দিবসে মুক্তির কথা থাকলেও পরে সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। এখনো নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
বাংলা চলচ্চিত্রে এক দশকের বেশি সময় ধরে নিয়মিত কাজ করছেন রুক্মিণী। অক্ষয় কুমারের সঙ্গে ‘শামুক’-এ তার অভিনয়ের আলোচনা চূড়ান্ত হলে এটি তার ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য হিন্দি প্রজেক্ট হয়ে উঠতে পারে।



