tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদসারাদেশখুন-গুম করে ক্ষমতায় টিকে থাকা যায় না: প্রতিমন্ত্রী টুকু

খুন-গুম করে ক্ষমতায় টিকে থাকা যায় না: প্রতিমন্ত্রী টুকু

খুন, গুম, নির্যাতন ও দমন-পীড়নের মাধ্যমে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, অতীতে ক্ষমতায় থাকা একটি সরকার জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল। কিন্তু দুর্নীতি, লুটপাট এবং জনরোষের মুখে শেষ পর্যন্ত তাদের ক্ষমতা ছাড়তে হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে নেত্রকোনার উচিতপুর ট্রলার ঘাট এলাকায় পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, “অতীতের শাসকগোষ্ঠী খুন, গুম, নির্যাতন এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না।”

তিনি আরও বলেন, “আল্লাহ যদি কাউকে রক্ষা করেন, তাকে কেউ ক্ষতি করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে শাস্তি দেন, তাকে কেউ রক্ষা করতে পারে না। দুর্নীতি ও লুটপাটের কারণেই তারা জনগণের রোষানলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।”

মাদক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে দেশে মাদকের বিস্তার ঘটেছিল। বাংলাদেশে কোনো মাদক উৎপাদনকারী কারখানা না থাকলেও পরিকল্পিতভাবে প্রতিবেশী দেশ থেকে মাদক প্রবেশ করিয়ে তরুণ সমাজকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে। তবে বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে।

স্থানীয় জেলেদের উদ্দেশে তিনি বলেন, একটি মা মাছ এক থেকে দেড় লাখ পর্যন্ত পোনা উৎপাদন করতে পারে। তাই মা মাছ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। আগামী পাঁচ মাস মাছ আহরণ থেকে বিরত থাকলে উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে। বর্তমানে যে মাছ কম দামে বিক্রি হচ্ছে, কয়েক মাস পর সেই মাছের উৎপাদন ও বাজারমূল্য—উভয়ই বৃদ্ধি পাবে।

তিনি বলেন, “একসময় বাংলাদেশ ‘মাছে-ভাতে বাঙালি’ হিসেবে পরিচিত ছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। মাছ আমাদের জাতীয় সম্পদ। তাই মা মাছ সংরক্ষণ করুন এবং নির্ধারিত সময়ের আগে মাছ আহরণ থেকে বিরত থাকুন। এতে জেলেদের যেমন লাভ হবে, তেমনি দেশের মৎস্যসম্পদও সমৃদ্ধ হবে।”

হাওরাঞ্চলের মৎস্য খাতের উন্নয়নে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে এবং মৎস্য খাতের উন্নয়নে যা যা প্রয়োজন, সরকার তা বাস্তবায়ন করবে।

উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন লুৎফুজ্জামান বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাবিবুর রশিদ হাবিব। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. দেলোয়ার হোসেন, ড. মো. খালেদ কনকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে লুৎফুজ্জামান বাবর, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা হাওরের বিভিন্ন স্থানে পোনা মাছ অবমুক্ত করেন।