বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘের বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজে শোকবার্তাটি প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়েছে, “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতিসংঘ গভীরভাবে মর্মাহত। এই শোকের মুহূর্তে আমরা তার পরিবার, স্বজন ও ঘনিষ্ঠজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” পাশাপাশি জাতিসংঘ বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতিও প্রকাশ করেছে।
খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নও গভীর শোক প্রকাশ করেছে। তাদের বার্তায় বলা হয়েছে, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি।” চীনও বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অগ্রদূত খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও তার মৃত্যুর সংবাদ গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে।



