বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী মানবিক কর্মসূচি। দলনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জিয়া পরিষদ’-এর উদ্যোগে রিকশা ও ভ্যানচালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়।
রোববার (২৫ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “পাঁচ আগস্টে যে অর্জন হয়েছে, তা আমাদের ধরে রাখতে হবে। ছোটখাটো দ্বন্দ্বে জড়িয়ে যেন আবার ফ্যাসিবাদের পথ সুগম না হয়।” তিনি আরও অভিযোগ করেন, “গত ১৬ বছরে শেখ হাসিনার শাসনে দেশে ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। আমরা আর ফ্যাসিবাদ চাই না।”
রিজভী দাবি করেন, কর্মসংস্থানের অভাবে দেশে দুর্ভিক্ষের পূর্বাভাস দেখা দিচ্ছে। অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে লক্ষাধিক মানুষ বেকার হয়েছেন। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি সংবিধান পরিবর্তন প্রয়োজন হয়, তাহলে সেটি করবে জনগণের ভোটে নির্বাচিত সরকার। আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন, তারপর জনগণের সরকার আসুক।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রশাসনের ভেতরে যেসব ফ্যাসিবাদী শক্তি লুকিয়ে আছে, সুযোগ পেলেই তারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. আব্দুল লতিফ, মহাসচিব ড. এমতাজ হোসেন এবং যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ রিকশা ও ভ্যানচালকদের হাতে রেইনকোট তুলে দেন। রেইনকোট পেয়ে চালকরা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



