খাগড়াছড়িতে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।
তিনি বলেন, “পাহাড়ি ও বাঙালি আলাদা কোনো জাতি নয়, আমাদের প্রথম পরিচয় আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা চাই সবাই শান্তি ও সৌহার্দ্যের পরিবেশে একসঙ্গে বসবাস করুক।”
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে স্বনির্ভর বাজার এলাকায় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
চলমান পরিস্থিতি মোকাবিলায় স্বনির্ভর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে খাগড়াছড়িতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, “পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি নিরবচ্ছিন্নভাবে জনসাধারণের পাশে থেকে দায়িত্ব পালন করবে।”
উল্লেখ্য, মারমা শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে খাগড়াছড়ি সদর উপজেলা, পৌরসভা ও গুইমারা উপজেলায় সহিংসতা নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন, যা এখনো বলবৎ রয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে প্রাইভেট পড়া শেষে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। রাত ১১টার দিকে স্বজনরা তাকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে উদ্ধার করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে মামলা করেন। পরে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীল (১৯) আটক হয়। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।



