খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের পর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের তিন সদস্যের বোর্ড রিপোর্টে জানায়, ভুক্তভোগীর শরীরের ভেতরে ও বাইরে ধর্ষণের কোনো চিহ্ন নেই।
গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় ওই ছাত্রীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন ছাত্রীর বাবা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। ২৪ সেপ্টেম্বর পুলিশ সন্দেহভাজন হিসেবে ১৯ বছর বয়সী শয়ন শীলকে গ্রেপ্তার করে।
মেডিকেল বোর্ডের প্রধান, গাইনি বিশেষজ্ঞ ডা. জয়া চাকমা জানান, ধর্ষণের আলামত যাচাইয়ের ১০টি সূচকের সবগুলোতেই কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। তার সঙ্গে রিপোর্টে স্বাক্ষর করেছেন আরও দুই চিকিৎসক—ডা. মীর মোশারফ হোসেন ও ডা. নাহিদা আক্তার। সিভিল সার্জন ডা. ছাবের আহমেদ জানান, রিপোর্টটি পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে।
এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইউপিডিএফ এই ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। খাগড়াছড়ি সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, ইউপিডিএফ এই ঘটনাকে পুঁজি করে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে চায়। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম রানা জানান, পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসে ইউপিডিএফ জড়িত এবং তাদের বিরুদ্ধে অভিযান চলবে।
ঘটনার পর জুম্ম ছাত্র ও জনতা অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেয়। তবে দুর্গাপূজা ও প্রশাসনের আশ্বাসে তা ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
গত কয়েকদিনের সহিংসতায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা। পুড়িয়ে দেওয়া হয়েছে সরকারি অফিস, দোকানপাট, ঘরবাড়ি, গুদাম ও মোটরসাইকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি জেলায় ১৪৪ ধারা জারি রয়েছে।



