tanaka
প্রচ্ছদসারাদেশখাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের চেঙ্গী স্কয়ারে এ মহাসমাবেশ হয়।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করা হবে।

এর আগে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গী স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়। ‘জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিত কর’ স্লোগানে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার পাহাড়ি নারী-পুরুষ নিপীড়নবিরোধী এই মহাসমাবেশে অংশ নেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। রাত ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।