tanaka
প্রচ্ছদজাতীয়দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চায় বাংলাদেশ, জাতিসংঘে প্রধান উপদেষ্টা

দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চায় বাংলাদেশ, জাতিসংঘে প্রধান উপদেষ্টা

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাংলায় ভাষণ শুরু করে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, ভয় দেখিয়ে কিছু করার পক্ষপাতী নই। কিন্তু আজ আমাকে ভয়াবহ বাস্তবতার কথা বলতে হচ্ছে। চরম জাতীয়তাবাদ, বিধ্বংসী ভূরাজনীতি এবং অন্যের দুর্ভোগের প্রতি ঔদাসীন্য বহু বছরের অর্জিত অগ্রগতি ধ্বংস করে দিচ্ছে।”

তিনি গাজার পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন, “শিশুরা অনাহারে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগণ নির্বিচারে নিহত হচ্ছে, হাসপাতাল-স্কুলসহ গোটা জনপদ ধ্বংস করা হচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের পর্যবেক্ষণের সঙ্গে আমরাও একমত—আমাদের চোখের সামনে এক নির্বিচার গণহত্যা ঘটছে। মানবজাতির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা না করাটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস কখনো ক্ষমা করবে না।”

ড. ইউনূস আরও বলেন, “বাংলাদেশের জনগণ এবং বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি—পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। কেবল ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমারেখার ভিত্তিতে ইসরাইল ও ফিলিস্তিন শান্তিপূর্ণ সহাবস্থানে থাকলেই প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”