কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে কৃষকদের ক্ষমতায়ন করাই ‘কৃষক কার্ড’ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
তিনি জানান, পহেলা বৈশাখে টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বঘোষিত এই কর্মসূচি। এর মাধ্যমে দেশের কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে কৃষি ও কৃষিজাত শিল্পে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, এটি কেবল একটি কার্ড বিতরণ কার্যক্রম নয়; বরং কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করার একটি কার্যকর পদক্ষেপ।
প্রাথমিক পর্যায়ে দেশের ১০ জেলার ১১টি উপজেলায় ২০ হাজারের বেশি কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে বলে জানান তিনি।
এ কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী কৃষক ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি সুলভ মূল্যে কৃষি উপকরণ, কৃষি বীমা, ভর্তুকি সুবিধাসহ বিভিন্ন ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।
মাহদী আমিন আরও বলেন, আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ বৃদ্ধি এবং কৃষকদের উন্নত প্রশিক্ষণের আওতায় আনা হবে। মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি কৃষকদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
তিনি উল্লেখ করেন, এই কর্মসূচি বিএনপির নির্বাচনি ইশতেহার ও ৩১ দফা সংস্কার প্রস্তাবের ধারাবাহিক বাস্তবায়নের অংশ, যার মাধ্যমে দেশের সব স্তরের মানুষের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।



