কুয়েত সিটির ফারওয়ানিয়া গভর্নরেটে বাসযাত্রীদের লক্ষ্য করে সংঘটিত ধারাবাহিক ডাকাতির ঘটনায় তিন সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। জেলিব আল-শুয়ুখ পুলিশ স্টেশনের নেতৃত্বে পরিচালিত সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। একটি গণপরিবহন প্রতিষ্ঠানের টিকিট পরিদর্শকের অভিযোগের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। তিনি জানান, বাসে যাত্রীদের কাছ থেকে বারবার ছিনতাইয়ের ঘটনা ঘটছিল।
অভিযোগের পর নিরাপত্তা বাহিনী নজরদারি জোরদার করে এবং তদন্ত শুরু করে। বাসের ভেতরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩৩৩ কুয়েতি দিনার উদ্ধার করা হয়েছে, যা ডাকাতির অর্থ বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের জব্দকৃত অর্থসহ আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে জরুরি নম্বর ১১২-এ তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আরব টাইমস



